তরুণদের মাদক-ইন্টারনেট আসক্তি ঠেকাতে বহুমুখী উদ্যোগ: ইউজিসি সদস্য
মঙ্গলবার (১১আগস্ট) তরুণদের মাদক ও ইন্টারনেট আসক্তি থেকে দূরে রাখতে শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি ও কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে সরকার বহুমুখী উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।
আজ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘মাদক ও ইন্টারনেট আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ অ্যান্টি ড্রাগ ফেডারেশন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
অধ্যাপক মামুন বলেন, শুধু সচেতনতা তৈরি করে তরুণদের আসক্তি থেকে দূরে রাখা সম্ভব নয়। তাঁদের জন্য আনন্দময় ও ইতিবাচক পরিবেশ তৈরি করতে হবে। এ লক্ষ্যে শিক্ষাক্রমে ‘এডুকেশন উইথ হ্যাপিনেস’ কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তরুণদের যুক্ত করার সুযোগ তৈরি করা হচ্ছে।
তিনি বলেন, মাদকসেবীদের প্রতি সহানুভূতিশীল হয়ে তাঁদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে হবে। তবে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ব্যক্তি ও গডফাদারদের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। এ ক্ষেত্রে সরকারের কার্যকর ভূমিকা প্রয়োজন।
শিশু-কিশোরদের মেধা ও প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি’ কর্মসূচি এবং প্রধানমন্ত্রী গোল্ডকাপসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখতে সহায়ক হবে বলেও জানান তিনি।
তরুণদের স্বাবলম্বী করার ওপর গুরুত্ব দিয়ে ইউজিসি সদস্য বলেন, বেকারত্ব দূর করতে নির্দিষ্ট মেয়াদে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে সরকার। দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, সরকারি-বেসরকারি খাতের সম্প্রসারণ, কারিগরি প্রশিক্ষণ, তথ্যপ্রযুক্তি দক্ষতা, উদ্যোক্তা তৈরি ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে এ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে।
বিদেশে কর্মসংস্থানের জন্য তরুণদের ভাষা ও পেশাগত দক্ষতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে তরুণদের জন্য তৈরি সুযোগ-সুবিধার সর্বোচ্চ ব্যবহার করার আহ্বান জানান অধ্যাপক মামুন।
কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সংশ্লিষ্ট ব্যক্তি ও তরুণেরা অংশ নেন।


