শিরোনাম

South east bank ad

সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে মাদক বিরোধী মানববন্ধন

 প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন   |   মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর

সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে মাদক বিরোধী মানববন্ধন

শুক্রবার (১৭ জুলাই) সাতক্ষীরায় মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং দোকান উচ্ছেদের সতর্কবার্তাসহ সামাজিক প্রতিরোধের ডাক দিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

সাতক্ষীরা পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের বাঁকাল ইসলামপুর এলাকায় মাদক, জুয়া, তাস, চুরি এবং সব ধরনের অসামাজিক ও অশ্লীল কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ  জুমার নামাজের পর স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধনে মিলিত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শরিফুল, মুনতাজ, হাফিজুল, রুম্মন, শাহাদাতসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘মাদককে না বলুন, সুস্থ-সুন্দর জীবন গড়ুন’, ‘মাদকমুক্ত সমাজ চাই’সহ বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন।

মানববন্ধনে বক্তারা মাদক বিক্রেতাদের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে কেউ মাদক বিক্রি করলে তার দোকান উচ্ছেদ করা হবে। কোনোভাবেই এই এলাকায় মাদক ব্যবসা চলতে দেওয়া হবে না।’

বক্তারা বলেন, মাদক, জুয়া, তাস, চুরি ও অন্যান্য সামাজিক অপরাধ যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং সমাজের শান্তি-শৃঙ্খলা নষ্ট করছে। এসব অপরাধ নির্মূলে প্রশাসনের কঠোর পদক্ষেপের পাশাপাশি অভিভাবক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এ সময় তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি এলাকায় মাদক ব্যবসা, জুয়া ও সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তুলতে সামাজিক প্রতিরোধ আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান।

কর্মসূচিতে এলাকার বর্ষীয়ান ব্যক্তিবর্গ, যুবসমাজ, ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।





BBS cable ad

মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর আরও খবর: