শিরোনাম

South east bank ad

মার্কিন বিনিয়োগ ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর আহ্বান

 প্রকাশ: ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন   |   মন্ত্রী

মার্কিন বিনিয়োগ ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর আহ্বান
মঙ্গলবার (১১ আগস্ট) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (USBBC) উচ্চপর্যায়ের ১৬ সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে।

আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি ও নিরাপত্তা সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বৈদেশিক বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত এবং বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে। বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে ‘ইনভেস্ট বাংলাদেশ’ নামে ওয়ান-স্টপ সার্ভিস চালুর জন্য প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক কাঠামো তৈরি করা হয়েছে।

মার্কিন বিনিয়োগকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, দেশের কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে এলএনজি টার্মিনাল স্থাপনের বিভিন্ন প্রস্তাব সরকার বিবেচনা করছে। পাশাপাশি খাদ্যশস্য ও জ্বালানি সরবরাহে সরকারি-বেসরকারি বিনিয়োগের সুযোগ তৈরি করা হচ্ছে।

তিনি আরও জানান, জাতীয় নিরাপত্তা ও প্রযুক্তিগত সুরক্ষায় ডিজিটাল নিরাপত্তা, স্মার্ট পুলিশিংয়ের আওতায় ‘সেফ সিটি’, সীমান্ত নিরাপত্তায় ‘ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট’ এবং ই-ভিসা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈঠকে ইউএসবিবিসির প্রেসিডেন্ট ও ইউএস চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (দক্ষিণ এশিয়া) অতুল কেশপ বলেন, মার্কিন কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে বাংলাদেশে সফলভাবে ব্যবসা পরিচালনা করছে। বাংলাদেশের অর্থনীতি ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারে পৌঁছানোর সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি কারিগরি ও ব্যবস্থাপনাগত সক্ষমতা, জিডিপি প্রবৃদ্ধি এবং কর উৎপাদনশীলতা বৃদ্ধিতে মার্কিন কোম্পানিগুলোর সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে অতুল কেশপের নেতৃত্বে ইউএসবিবিসির ১৬ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।


BBS cable ad