এসডিজি অর্জনে সমন্বিত পরিকল্পনা নিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর নির্ভর না করে পানি, শিক্ষা, সমাজকল্যাণ ও স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে নিয়ে সমন্বিত পরিকল্পনা ও যৌথ উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (১২ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়ন ও পর্যালোচনা বিষয়ক জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুধু ওষুধ, স্যালাইন বা সিরিঞ্জ দিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়। এসডিজি-৩ অর্জনের মূল ভিত্তি হতে হবে রোগ প্রতিরোধ। এজন্য শিক্ষা, আইনশৃঙ্খলা ও জেন্ডার বৈষম্য কমানোর পাশাপাশি পানি, শিক্ষা ও সমাজকল্যাণ খাতকে স্বাস্থ্য খাতের সঙ্গে সমন্বয় করতে হবে।
তিনি বিশুদ্ধ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার পাশাপাশি মানুষের অস্বাস্থ্যকর অভ্যাস ও জীবনযাত্রায় পরিবর্তন আনার ওপর গুরুত্ব দেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সুপেয় পানির সংকট ও লবণাক্ততার কথাও তুলে ধরেন তিনি।
শিশুদের অতিরিক্ত মোবাইল ও স্ক্রিন আসক্তি এবং জাঙ্ক ফুডের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান মন্ত্রী।
পরিকল্পনা কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পানি, স্বরাষ্ট্র, সমাজকল্যাণ ও স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নিয়ে সমন্বিত পরিকল্পনা করতে হবে। অন্তত দুই মাস পরপর সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর বৈঠকের মাধ্যমে যৌথভাবে পরিকল্পনা বাস্তবায়ন করা হলে এসডিজি অর্জনে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া সম্ভব।
তিনি বাল্যবিয়ে রোধ, মাতৃসচেতনতা, শিশুকে বুকের দুধ খাওয়ানো এবং পুষ্টির ওপরও গুরুত্বারোপ করেন। বিচ্ছিন্নভাবে নয়, সব মন্ত্রণালয়ের যৌথ কর্মপদ্ধতি ও বাস্তবায়নের মাধ্যমেই এসডিজি অর্জন করতে হবে বলেও উল্লেখ করেন।
সিপিডির সম্মানিত ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আন্না মিনজ, স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


