তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী
বুধবার (১২ আগস্ট) মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি। তরুণদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে পারলে তারা শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের সম্পদে পরিণত হবে।
আজ রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে সেভ দ্য চিলড্রেন আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক যুব দিবসের অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গঠন করতে চায়। এ লক্ষ্য বাস্তবায়নে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রয়োজন।
জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তরুণ-তরুণীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিচ্ছে। ব্যবসা শুরু করার আর্থিক সামর্থ্য নেই—এমন তরুণদের সিড মানি দেওয়া হচ্ছে। পাশাপাশি উদ্যোক্তা তৈরিতে বাজেটে ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড রাখা হয়েছে।
অনুষ্ঠানে আলোচকরা বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা উন্নয়ন ও নেটওয়ার্কিং বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। তরুণদের শিক্ষার্থী, দক্ষ কর্মী, উদ্যোক্তা, নেতা, সিদ্ধান্ত গ্রহণকারী এবং পরিবর্তনের নেতৃত্বদানকারী হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত, নেদারল্যান্ডস দূতাবাসের প্রথম সচিব Jaouad Azaoui, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা ছাড়াও উন্নয়ন সহযোগী, এনজিও, সুশীল সমাজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেসরকারি প্রতিষ্ঠান ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


