শিরোনাম

South east bank ad

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকেই বেছে নিলো বিএনপি

 প্রকাশ: ১৩ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন   |   রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকেই বেছে নিলো বিএনপি
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে সকাল ৯টার দিকে শুরু হওয়া বিএনপির শীর্ষ ও সিনিয়র নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কাছে তথ্যটি নিশ্চিত করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে মির্জা ফখরুল পদত্যাগ করেছেন। সেই সাথে দলের স্থায়ী কমিটির সদস্য থেকেও তিনি পদত্যাগ করেছেন। 

অপরদিকে আজ ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এই মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় জোটের শরিক দলগুলোর কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট।

আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হিসেবে জাতীয় সংসদের সদস্যরা ভোট দেবেন।

BBS cable ad