৩০ আগস্ট লালদিয়া টার্মিনালের ভিত্তি স্থাপন
বৃহস্পতিবার (১৩ আগস্ট) চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর আগামী ৩০ আগস্ট স্থাপন করা হবে। ডেনমার্কের সহযোগিতায় নির্মিতব্য টার্মিনালটি আধুনিক ও পরিবেশবান্ধব গ্রিন টার্মিনাল হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।
আজ সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ে ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের (APM Terminals) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, টার্মিনালে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। ক্রেনগুলো অফিস থেকে দূর নিয়ন্ত্রিত পদ্ধতিতে পরিচালনা করা হবে, ফলে দক্ষতা ও নিরাপত্তা বাড়বে। পাশাপাশি প্রকল্পে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
তিনি বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন এ টার্মিনাল নির্মাণের ফলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়বে। একই সঙ্গে নতুন কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশে বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বন্দর ও নৌপরিবহন খাতে বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
বৈঠকে বাংলাদেশের বন্দর ও টার্মিনাল অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ ও সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এপিএম টার্মিনালসের সিইও উপস্থিত ছিলেন।


