বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে
তৃণমূল পর্যায়ে বিনামূল্যে প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া বর্তমান সরকারের অন্যতম প্রধান নির্বাচনি অঙ্গীকার বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ম্যাব) আয়োজিত আলোচনা সভা ও সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। দেশের প্রায় ১৮ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিপুলসংখ্যক দক্ষ স্বাস্থ্যকর্মী প্রয়োজন। এ বিবেচনায় সরকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম হাতে নিয়েছে। চলতি বাজেটে স্বাস্থ্য খাতে ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, পেশাগত সমস্যা টেকসইভাবে সমাধানে ঐক্য ও পারস্পরিক সংহতি প্রয়োজন। স্বাস্থ্যকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে নাগরিক ও পেশাগত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। সরকারের পাশাপাশি সবার সক্রিয় অংশগ্রহণেই স্বাস্থ্য ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব।
সভায় ডি-ম্যাবের পক্ষ থেকে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনায় ৩৫ হাজার বেকার ডিএমএফ ডিগ্রিধারীকে অগ্রাধিকার এবং উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের প্রায় ৩ হাজার ২০০ শূন্য পদে দ্রুত নিয়োগ ও পদায়নের দাবি জানানো হয়। মন্ত্রী এসব যৌক্তিক দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুসহ ডি-ম্যাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।


