শিরোনাম

South east bank ad

সৌদি আরবে সোফার কারখানায় আগুন, ১৬ বাংলাদেশি নিহত

 প্রকাশ: ১০ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

সৌদি আরবে সোফার কারখানায় আগুন, ১৬ বাংলাদেশি নিহত
সৌদি আরবে সোফার কারখানায় আগুনে পুড়ে ১৬ বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ৭ জন নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা অপর ৩ জনের বাড়ি নাটোর। তারা সৌদির ওই কারখানায় কাজ করতেন।

রবিবার (৯ আগস্ট) রাতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে।

নিহতদের মধ্যে ১০ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- উপজেলার বিশা ইউনিয়নের বিশা গ্রামের সাগর (৩১) ও একই গ্রামের মজিদুল (৩৪) , উদনপৈ গ্রামের ফরিদ শেখ (৩২), ডুবাই গ্রামের সুমন (৩৫) ও হাসিবুল হাসান (২৭), কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের মহুন প্রামাণিক (৪২), সুমন প্রামাণিক, রুবেল হোসেন (৩০), কলি প্রামাণিক (৩৫) এবং পারকাসুন্দা গ্রামের আবদুল জলিল (৩৮)।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে উপজেলা প্রশাসন বলছে, উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সৌদি আরবে গিয়ে রিয়াদ শহরের ওই সোফা তৈরির কারখানায় কাজ করছিলেন তাঁরা। রবিবার দুপুরে কারখানায় আগুন লাগে। সেখানে নিহতদের মধ্যে আত্রাই উপজেলার সাত প্রবাসী রয়েছেন।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান রবিবার রাতে বলেন, সৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের শোক

সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ৭ জন প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এক শোক বার্তায় মন্ত্রী বলেন, সৌদি আরবে কর্মরত এই প্রবাসীদের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। দেশের অর্থনীতিতে তাদের অবদান অপরিসীম। তাদের এই আকস্মিক প্রয়াণে তিনি গভীর শোকাহত। নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি তিনি গভীর সমবেদনা প্রকাশ করেন।

প্রবাসীকল্যাণ মন্ত্রী আরও জানান, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা, ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
BBS cable ad

আন্তর্জাতিক এর আরও খবর: