শিরোনাম

South east bank ad

নেপালে বন্যা-ভূমিধসে নিহত ১৬২, নিখোঁজ ৫ শতাধিক

 প্রকাশ: ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

নেপালে বন্যা-ভূমিধসে নিহত ১৬২, নিখোঁজ ৫ শতাধিক
নেপালের মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রসুয়া ও আশপাশের কয়েকটি জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন পাঁচ শতাধিক মানুষ।

নেপালের পর্যটন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ৫৭৯ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাঁদের মধ্যে ৪০০ জনের বেশি বিদেশি নাগরিক। নিখোঁজদের মধ্যে ২৮ জন পুলিশ সদস্যও রয়েছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, অন্তত ৫৪ জন মার্কিন নাগরিক নিখোঁজ রয়েছেন। দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি আশ্রয়, পানি, স্যানিটেশন ও ত্রাণ সরবরাহে ৫ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছে দেশটি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ জানিয়েছেন, ৩৪ জন অস্ট্রেলীয় নাগরিকও নিখোঁজ রয়েছেন।

নেপালি পুলিশের তথ্য অনুযায়ী, চিতওয়ান জেলায় ৬৪ জন এবং ইস্ট নওয়ালপরাসি জেলায় আরও ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে সতর্ক করা হয়েছে। উদ্ধারকাজে হেলিকপ্টার ও দুর্যোগ মোকাবিলা কর্মী মোতায়েন করেছে নেপাল সেনাবাহিনী।

দুর্যোগে দেশটির বিদ্যুৎ অবকাঠামোও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। জলবিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ মিলিয়ে প্রায় ৪৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে।

এদিকে নেপালের পাশাপাশি চীনের তিব্বতেও এই বন্যার ব্যাপক প্রভাব পড়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, গিরং কাউন্টিতে তিনজন নিহত হয়েছেন এবং নিখোঁজের সংখ্যা বেড়ে ৫৫৮ হয়েছে। নিখোঁজদের মধ্যে অন্তত ২৬০ জন বিদেশি নাগরিক।

নিখোঁজদের উদ্ধারে ‘সর্বাত্মক’ অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। চীন-নেপালের মধ্যে পর্যটক ও যানবাহন চলাচলের গুরুত্বপূর্ণ গিরং সীমান্তপথও দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে।
BBS cable ad

আন্তর্জাতিক এর আরও খবর: