বেবিচকে ১০ শতাংশ কমিশনের অভিযোগ, দুদকের অভিযান
সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের (বেবিচক) ইলেক্ট্রো মেকানিক্যাল (ই/এম) প্রকল্পে ঠিকাদারদের বিল পরিশোধে ১০ শতাংশ কমিশন দাবি, ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাৎ এবং ঘুষের বিনিময়ে ওভারটাইম বিল দেওয়ার অভিযোগে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৫ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক রুবেল হোসেনের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করছে। বেবিচকের ইলেক্ট্রো মেকানিক্যাল বিভাগে এ অভিযান চলছে।
দুদকের জনসংযোগ দপ্তর অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছে। বেবিচক সূত্র জানায়, সকালে কার্যালয়ে পৌঁছে দুদকের দলটি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় চেয়ারম্যান অভিযানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পরে দুদকের কর্মকর্তারা বেবিচকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ই/এম) শাহরিয়ার মোরশেদ সিদ্দিকীর দপ্তরে যান।
দুদক সূত্রে জানা গেছে, বেবিচকের ই/এম প্রকল্পে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে যোগসাজশে ঠিকাদারদের বিল পরিশোধের ক্ষেত্রে ১০ শতাংশ কমিশন দাবি, বিভিন্ন সরঞ্জাম কেনার নামে ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাৎ এবং ঘুষের বিনিময়ে ওভারটাইম বিল দেওয়ার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে।
এদিকে একই দিন দেশের আরও তিনটি প্রতিষ্ঠানে পৃথক অভিযান পরিচালনা করছে দুদক। এর মধ্যে ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দালালচক্রের সঙ্গে যোগসাজশে সেবা দিতে হয়রানি, সরকারি ফির অতিরিক্ত অর্থ আদায়, আবেদন গ্রহণে অনিয়ম ও সেবাগ্রহীতাদের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে।
অন্যদিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার মূলনা ইউনিয়ন ভূমি অফিসে জমি নামজারিতে হয়রানি, ফাইল আটকে রাখা, দালালের মাধ্যমে ঘুষ লেনদেন এবং নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে অভিযান চালানো হচ্ছে।
এ ছাড়া কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের হয়রানি এবং কার্ডিওলজি বিভাগে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নামে রসিদ ছাড়া অর্থ আদায় করে আত্মসাতের অভিযোগেও অভিযান পরিচালনা করছে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুমিল্লা। ভোলা ও শরীয়তপুরের অভিযানও সংশ্লিষ্ট দুদকের সমন্বিত জেলা কার্যালয় পরিচালনা করছে।


