ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৯৭, মামলা ৪৪
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) ডিএমপি সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএমপির আটটি বিভাগে পরিচালিত অভিযানে গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগে ৪৩ জন, ওয়ারীতে ৬০ জন, মতিঝিলে ৬৪ জন, তেজগাঁওয়ে ১০০ জন, মিরপুরে ১১৭ জন, গুলশানে ৪১ জন এবং উত্তরা বিভাগে ৪২ জন রয়েছেন।
অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, চারটি রামদা, তিনটি ছুরি, একটি দা, একটি চাপাতি, পাঁচটি অবিস্ফোরিত হাতবোমা ও তিনটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়।
এ ছাড়া এক লিটার কাঁচা পেট্রোল, ৫২২ পিস ইয়াবা, আট বোতল বিদেশি মদ, এক হাজার টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


