জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: প্রতিমন্ত্রী
বুধবার (২৪ জুন) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী, দক্ষতা-ভিত্তিক ও শিশু-বান্ধব করতে সরকার ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। এ লক্ষ্যে জাপানের শিক্ষা ব্যবস্থার অভিজ্ঞতা, কারিকুলাম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতা চাওয়া হয়েছে।
বুধবার সচিবালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো-এর নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, নতুন প্রাথমিক কারিকুলামে চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে সিভিক এডুকেশন, ক্রীড়া ও সাংস্কৃতিক শিক্ষা, গণিত ও বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন এবং আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, শৃঙ্খলা ও নাগরিক মূল্যবোধ গড়ে তুলতে জাপানের অভিজ্ঞতা কাজে লাগানোর কথাও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে ‘ম্যাথ ল্যাব’ স্থাপনের পরিকল্পনা রয়েছে, যাতে গণিত শিক্ষা আরও আকর্ষণীয় ও প্রযুক্তিনির্ভর হয়। এ বিষয়ে জাইকার কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বৈঠকে জাইকা প্রতিনিধি দল বাংলাদেশের প্রাথমিক শিক্ষা উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করে। কারিকুলাম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষা প্রশাসনের দক্ষতা বৃদ্ধি এবং শিশু-বান্ধব শিক্ষার পরিবেশ তৈরির বিষয়ে উভয়পক্ষ আলোচনা করেন।


