ডেঙ্গু প্রতিরোধে টাস্কফোর্স গঠন
মঙ্গলবার (২৩ জুন) ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটি’র প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সভায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম-এর তত্ত্বাবধানে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। টাস্কফোর্স মাঠপর্যায়ে কার্যক্রম তদারকি, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জরুরি পদক্ষেপ বাস্তবায়নের দায়িত্ব পালন করবে।
সভাপতির বক্তব্যে মন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি উল্লেখ করেন, সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও ডেঙ্গু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় ডেঙ্গু প্রতিরোধে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে ব্যাপক সচেতনতামূলক প্রচারণা, শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি, পরিচ্ছন্নতা অভিযান জোরদার, ফগার মেশিন ও মশক নিধন কার্যক্রমের মান যাচাই, এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ অভিযান এবং নির্মাণাধীন ভবন, ছাদবাগান, টায়ারের দোকান ও জলাবদ্ধ এলাকায় নিয়মিত পরিদর্শন বৃদ্ধি।
এছাড়া ডেঙ্গু আক্রান্ত রোগীদের তথ্য দ্রুত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, লার্ভা শনাক্ত হওয়া স্থানগুলোতে প্রতিরোধমূলক পদক্ষেপ এবং মনিটরিং ও তদারকি কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও সিটি কর্পোরেশনের প্রতিনিধি, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, রাজউক, ওয়াসা, এলজিইডি ও ডিপিএইচইর প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির আশঙ্কা থাকায় এখন থেকেই সমন্বিত ও জোরালো প্রস্তুতি গ্রহণ জরুরি। জাতীয় কমিটির গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর অগ্রগতি অর্জনের আশা প্রকাশ করা হয়েছে।


