অপরাধ কমেছে, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী
সোমবার (২২ জুন) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের অপরাধের গ্রাফ বিগত যেকোনো সময়ের তুলনায় নিম্নমুখী এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।
আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, বস্তুনিষ্ঠ তথ্য ও মাসিক পরিসংখ্যান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারসহ অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে সামগ্রিক অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কম।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ কার্যক্রমে জড়িত আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কিছু গোষ্ঠী বিভিন্ন স্থানে মিছিল-সমাবেশের মাধ্যমে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে সরকারের কাছে তথ্য রয়েছে। এ কারণে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধ এবং বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে ২২ থেকে ৩০ জুন পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, ফরিদপুর ও গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী মোতায়েন একটি নিয়মিত ও আইনি প্রক্রিয়া। পুলিশ বাহিনীর প্রতি জনগণের আস্থা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী পুলিশকে সহায়তা করতে সেনাবাহিনী বা বিজিবি মোতায়েন করা হয়ে থাকে।
নারায়ণগঞ্জ-৩ আসনের এক সংসদ সদস্যের ছেলেকে জিজ্ঞাসাবাদের বিষয়ে মন্ত্রী বলেন, আইনের চোখে সবাই সমান। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
দেশের চলমান রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ ও কর্মসূচি গণতান্ত্রিক পরিবেশেরই বহিঃপ্রকাশ। রাজনৈতিক দলগুলো তাদের বক্তব্য জনগণের সামনে তুলে ধরার স্বাধীনতা ভোগ করছে।


