অসুস্থ মোস্তফা মনোয়ারের পাশে সংস্কৃতি মন্ত্রণালয়, আর্থিক সহায়তা প্রদান
সোমবার (২২ জুন) অসুস্থ বরেণ্য চিত্রশিল্পী ও পুতুলনাট্য গবেষক মোস্তফা মনোয়ার-এর চিকিৎসার খোঁজখবর নিতে সোমবার রাজধানীর একটি হাসপাতালে যান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
হাসপাতালে চিকিৎসাধীন এই গুণী শিল্পীর শয্যাপাশে কিছু সময় কাটিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন তারা। এ সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে মোস্তফা মনোয়ারের চিকিৎসা ব্যয়ের জন্য আর্থিক সহায়তার একটি চেক তাঁর পরিবারের সদস্যদের হাতে তুলে দেন সংস্কৃতি মন্ত্রী।
মন্ত্রী বলেন, দেশের শিল্প-সংস্কৃতির ধারক ও বাহকদের যেকোনো সংকটে পাশে দাঁড়াতে সরকার বদ্ধপরিকর। তিনি বরেণ্য এই শিল্পীর দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জানায়, দেশের শিল্প ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের কল্যাণে সরকার প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।


