এভিয়েশন খাতের দীর্ঘমেয়াদি উন্নয়নে মাস্টার প্ল্যান প্রণয়ন শুরু
রবিবার (২১ জুন) দেশের বেসামরিক বিমান চলাচল খাতের দীর্ঘমেয়াদি, টেকসই ও সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে “Civil Aviation Master Planning Overview” শীর্ষক কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আয়োজিত এ কর্মশালা শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এমপি এবং বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজামান মিল্লাত এমপি।
উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী বলেন, বিমান পরিবহন এখন শুধু যাত্রী ও পণ্য পরিবহনের মাধ্যম নয়; এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ, পর্যটন বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের অন্যতম চালিকাশক্তি। তিনি বলেন, বাংলাদেশকে ভবিষ্যতে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে একটি যুগোপযোগী ও বাস্তবভিত্তিক এভিয়েশন মহাপরিকল্পনা অপরিহার্য।
বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগের ফলে দেশের বিমান পরিবহন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি জানান, চলতি বছরের শেষ নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। পাশাপাশি কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে পরিচালনার প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের চারটি অভ্যন্তরীণ বিমানবন্দরকে আধুনিক ও কার্যকর করে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। একই সঙ্গে এভিয়েশন খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, এনডিসি। সভাপতিত্ব করেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
কর্মশালায় দেশের বিমান চলাচল খাতের ভবিষ্যৎ উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি সমন্বিত মাস্টার প্ল্যান প্রণয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।


