শিরোনাম

South east bank ad

জাসদ নেতা ও বীরমুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন আর নেই

 প্রকাশ: ২১ জুন ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন   |   শোক

জাসদ নেতা ও বীরমুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন আর নেই
রবিবার (২১ জুন) স্বাধীনতা সংগ্রামী, বীরমুক্তিযোদ্ধা ও জাসদের প্রবীণ নেতা, সাবেক সংসদ সদস্য মোশারেফ হোসেন মারা গেছেন। রোববার রাত ১টা ১৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

জাসদ সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুর খবর পেয়ে দলের কেন্দ্রীয় নেতারা হাসপাতাল ও বাসভবনে ছুটে যান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

মোশারেফ হোসেন ষাটের দশকে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ছিলেন এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধকালে তিনি মুজিব বাহিনীর রামগতি-হাতিয়া জোনের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

 স্বাধীনতার পর তিনি জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা হিসেবে দলটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং লক্ষ্মীপুরের রামগতি এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
রোববার সকালে সেগুনবাগিচায় কোয়ান্টাম ফাউন্ডেশন চত্বরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে মরদেহ নিয়ে গেলে দলের পক্ষ থেকে জাতীয় ও দলীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হয়।

জাসদের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম এক শোকবার্তায় বলেন, মোশারেফ হোসেন ছিলেন মুক্তিযুদ্ধের চেতনা ও গণমানুষের রাজনীতির একজন নিবেদিতপ্রাণ সৈনিক। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার বিকেলে লক্ষ্মীপুরে দ্বিতীয় ও তৃতীয় জানাজা শেষে নিজ গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

BBS cable ad