ঢাকার ৫৬ খাল দখলমুক্তে দুই কমিটি, চলবে পরিষ্কার অভিযান
শনিবার (২০ জুন) ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন মোট ৫৬টি খাল অবৈধ দখলমুক্ত করতে দুইটি পৃথক কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, দখলমুক্ত করার পর দুই পাশে গাইড ওয়াল নির্মাণ ও ডিমারকেশনের মাধ্যমে খালগুলো স্থায়ীভাবে সংরক্ষণ করা হবে।
আজ মিরপুর-১২ এলাকার মুসলিম বাজার খালের ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, ঢাকা উত্তরের ২৭টি এবং দক্ষিণের ২৯টি ছোট-বড় খাল থেকে ময়লা-আবর্জনা অপসারণের কাজ চলছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে। খাল পুনরুদ্ধার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে বর্ষাকালে জলাবদ্ধতা কমানো এবং নগরবাসীর জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
তিনি জানান, শুধু মুসলিম বাজার খাল থেকেই প্রায় ৪৫০ ট্রাক ময়লা অপসারণ করা হয়েছে। এছাড়া খাল বা সড়কের পাশে কেউ ময়লা ফেললে আইন অনুযায়ী জরিমানা করা হবে বলেও সতর্ক করেন তিনি।
ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, নগরবাসীকে সঙ্গে নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে আধুনিক, দুর্গন্ধমুক্ত ও সুন্দর নগর হিসেবে গড়ে তোলা হবে। তিনি জানান, গত ৫ জুন থেকে এ পর্যন্ত মুসলিম বাজার খাল থেকে ৪১৬ ট্রাক তলদেশের স্লাজ ও ময়লা অপসারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, ডেঙ্গুমুক্ত ও জলাবদ্ধতামুক্ত নগর গড়তে খালসহ নগরীর অলিগলিতে পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান থাকবে। একই রাস্তা বারবার খনন এড়াতে ওয়াসা ও ডেসকোর সঙ্গে সমন্বিত উন্নয়ন কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী ও ডিএনসিসি প্রশাসক খালের আশপাশের পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন।


