শিরোনাম

South east bank ad

যুব উদ্যোক্তা উন্নয়নে জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা

 প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন   |   মন্ত্রী

যুব উদ্যোক্তা উন্নয়নে জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা

রবিবার (১৪ জুন) জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে একটি কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও বাস্তবভিত্তিক জাতীয় কর্মপরিকল্পনা (ন্যাশনাল অ্যাকশন প্ল্যান-এনএপি) প্রণয়নের উদ্দেশ্যে দেশব্যাপী বিভাগীয় পরামর্শ কর্মশালার কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রথম বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ইউএনডিপি, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের (সিইডি) সহযোগিতায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

প্রতিমন্ত্রী বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে নতুন মাত্রায় নিয়ে যেতে সরকার কাজ করছে এবং এই খাতে ইতিবাচক পরিবর্তনে বদ্ধপরিকর। তিনি জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্তরা বাস্তবে কতটা স্বাবলম্বী হচ্ছেন তা মূল্যায়ন করা হচ্ছে। পাশাপাশি যুব উদ্যোক্তাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দক্ষতা উন্নয়ন কার্যক্রম জোরদার করা হচ্ছে।

তিনি আরও বলেন, যুব নারীদের উন্নয়নের জন্য সরকার বিশেষ নীতিমালা প্রণয়নের কাজ করছে। কর্মসংস্থান সৃষ্টি সরকারের প্রধান লক্ষ্য উল্লেখ করে তিনি যুব ও যুব নারীদের উদ্ভাবনী চিন্তা বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও মূল প্রেক্ষিত উপস্থাপন করেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন।

কর্মশালায় সরকারি ও আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, উদ্যোক্তা সংগঠন, বেসরকারি খাত, স্টার্টআপ, যুব প্রতিনিধি এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। তারা সহজ অর্থায়ন, দক্ষতা উন্নয়ন, বাজার সংযোগ, ডিজিটাল রূপান্তর, উদ্ভাবন, অন্তর্ভুক্তি এবং প্রাতিষ্ঠানিক সমন্বয়সহ যুব উদ্যোক্তা উন্নয়নের বিভিন্ন বিষয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: