ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
বুধবার (১০ জুন) রাজধানীর পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বয়সভিত্তিক পুরুষ আইএএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফির উদ্বোধন করা হয়েছে। বুধবার এই প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছয়টি দেশকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার স্পোর্টস ডিপ্লোমেসিকে গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রতিবেশী দেশসহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে ক্রীড়া বিনিময় ও সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করা সম্ভব। দেশের ক্রীড়াকে আন্তর্জাতিক পর্যায়ে আরও উচ্চতায় নিয়ে যেতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ধারাবাহিকভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
আজ দুপুর ১টায় মালদ্বীপ ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে অনূর্ধ্ব-১৮ বিভাগের প্রতিযোগিতা শুরু হয়। একই দিনে সন্ধ্যা ৭টায় অনূর্ধ্ব-২০ বিভাগে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
ভারত, নেপাল, ইয়েমেন, মালদ্বীপ, আফগানিস্তান ও বাংলাদেশ—এই ছয় দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক এই হ্যান্ডবল টুর্নামেন্ট।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদ, সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহমেদ এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মাসুদ ইমাম।


