শিরোনাম

South east bank ad

অপরাধ দমনে ভালো কাজে পুরস্কার, গাফিলতিতে তিরস্কার বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

 প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন   |   মন্ত্রী

অপরাধ দমনে ভালো কাজে পুরস্কার, গাফিলতিতে তিরস্কার বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
রবিবার (৭ জুন) অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার এবং দায়িত্বে গাফিলতির ক্ষেত্রে তিরস্কার ও বিভাগীয় শাস্তির নীতি বহাল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, পুলিশের ভালো কাজের যথাযথ মূল্যায়ন করা হবে। একই সঙ্গে কোনো সদস্যের নিষ্ক্রিয়তা বা অপরাধে জড়িত থাকার ঘটনা ছাড় দেওয়া হবে না।

মন্ত্রী জানান, সম্প্রতি রামিসা ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডসহ কয়েকটি চাঞ্চল্যকর মামলার দ্রুত তদন্ত ও আসামি গ্রেপ্তারে পুলিশ পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। এ জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে।

রামিসা হত্যা মামলার রায়কে বিচারিক ও পুলিশি তদন্তের ইতিহাসে একটি মাইলফলক উল্লেখ করে তিনি বলেন, স্বল্প সময়ে ডিএনএ পরীক্ষা, ময়নাতদন্ত ও চার্জশিট দাখিল করা হয়েছে। ঈদের বিচারিক ছুটি বাতিল করে মামলার কার্যক্রম সম্পন্ন করায় সংশ্লিষ্ট বিচারক ও কর্মকর্তাদের ভূয়সী প্রশংসা করেন তিনি। মামলার ডেথ রেফারেন্স শুনানি আইনগত প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত এগিয়ে আনার বিষয়ে সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের দৃষ্টি আকর্ষণ করা হবে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে দায়িত্বরত পুলিশের বিচক্ষণতায় অন্তত ৫০ বাসযাত্রীর প্রাণ রক্ষা পেয়েছে। এছাড়া মুন্সীগঞ্জের গজারিয়ায় এক কিশোরী হত্যার ক্লুলেস মামলার দ্রুত রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেপ্তারেও পুলিশ সফল হয়েছে।

আগামী ৮ জুন নয়াদিল্লিতে শুরু হতে যাওয়া বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের চার দিনব্যাপী সীমান্ত সম্মেলনে অবৈধ পুশ-ইন, সীমান্ত হত্যা এবং সীমান্ত নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা হবে বলে জানান তিনি। সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

তিনি আরও বলেন, অপরাধ ও মাদক দমনে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও জুয়া প্রতিরোধে যুগোপযোগী আইন প্রণয়নের কাজ চলছে, যাতে অপরাধীদের বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: