শিরোনাম

South east bank ad

২০২৭ হজের সময়সূচি ঘোষণা, সেপ্টেম্বরেই শেষ হবে নিবন্ধন

 প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন   |   অন্যান্য

২০২৭ হজের সময়সূচি ঘোষণা, সেপ্টেম্বরেই শেষ হবে নিবন্ধন

রবিবার (৭ জুন)  ২০২৭ সালের (হিজরি ১৪৪৮) হজ কার্যক্রমের রোডম্যাপ প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ রোডম্যাপ প্রকাশ করা হয়।

এর আগে গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় এক অনুষ্ঠানে ২০২৭ সালের হজ কার্যক্রমের সময়সূচি ঘোষণা করে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়। অনুষ্ঠানে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) অংশ নেন। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ তাঁর কাছে আনুষ্ঠানিকভাবে হজের রোডম্যাপ হস্তান্তর করেন।

রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। আগামী ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক হজচুক্তি স্বাক্ষরিত হবে। ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে এবং ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট পরিচালনা শুরু হবে। চাঁদ দেখা সাপেক্ষে ১৫ মে (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, সৌদি প্রান্তের ব্যয় নুসুক মাসার প্ল্যাটফর্মের ই-ওয়ালেটে সরাসরি স্থানান্তরের কার্যক্রম চলবে ১৫ জুলাই থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত। নুসুক মাসারের মাধ্যমে তাঁবু, আবাসন, পরিবহন, ক্যাটারিংসহ বিভিন্ন সেবা প্যাকেজের চুক্তি স্বাক্ষর শুরু হবে ২৯ জুলাই ২০২৬ থেকে, যা চলবে ২৩ জানুয়ারি ২০২৭ পর্যন্ত।

এছাড়া, হজযাত্রীদের তথ্য নুসুক মাসার সিস্টেমে ১৪ আগস্ট ২০২৬ থেকে ২৮ জানুয়ারি ২০২৭-এর মধ্যে আপলোড করতে হবে। হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সগুলোর সঙ্গে চুক্তি ও প্রয়োজনীয় ডকুমেন্টেশন সম্পন্ন করতে হবে ২৯ জুলাই থেকে ৮ নভেম্বরের মধ্যে।   
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে সব কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে।

BBS cable ad