শিরোনাম

South east bank ad

সীমান্তের চেয়ে ডিজিটাল নিরাপত্তাই এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

 প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন   |   মন্ত্রী

সীমান্তের চেয়ে ডিজিটাল নিরাপত্তাই এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী
শনিবার (৬ জুন) তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দ্রুত মেধা ও জ্ঞানভিত্তিক সমাজে রূপান্তরিত হওয়া বিশ্বে দেশের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে বলেও জানান তিনি।

আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশে ন্যাশনালিস্ট আইসিটি ফোরাম (এনআইসিটিএফ) আয়োজিত ‘বাংলাদেশে ভুয়া সংবাদ প্রতিরোধ: নীতিমালা, প্রযুক্তি ও জবাবদিহিতা’ শীর্ষক রাউন্ড টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, দেশে দীর্ঘদিন ধরে ভুয়া সংবাদ ও বিভ্রান্তিকর তথ্যের সমস্যা নিয়ে আলোচনা হলেও এখন কার্যকর সমাধান বাস্তবায়নের সময় এসেছে। সংশ্লিষ্ট অংশীজনদের বাস্তবসম্মত সুপারিশ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় সমস্যার সমাধানে কার্যকর পরামর্শ পেলে সরকার দ্রুত তা বাস্তবায়নে কাজ করবে।

রাউন্ড টেবিলে এনআইসিটিএফের ভাইস প্রেসিডেন্ট ইমতিয়াজ মীর্জা মূল প্রবন্ধ উপস্থাপন করেন। স্মার্ট ল্যাবের সিইও রিয়াদ হাসনাইনের সঞ্চালনায় আলোচনায় অংশ নিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রধান প্রতিবেদক আব্বাস উদ্দিন নয়ন বলেন, ভুয়া তথ্য প্রতিরোধে প্রতিটি গণমাধ্যমে বাধ্যতামূলকভাবে স্বতন্ত্র ফ্যাক্টচেকিং ইউনিট গঠন করা প্রয়োজন।

একাত্তর টিভির ‘ফেইক নিউজ স্ক্যানার’ অনুষ্ঠানের সম্পাদক ও উপস্থাপক রাকিব হাসান বলেন, গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারী বাড়িয়ে পরে তা আর্থিক লাভের জন্য ব্যবহার করার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে।

এনআইসিটিএফের সভাপতি রাফেল কবিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক একেএম ওয়াহিদুজ্জামান, রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন, অস্ট্রেলিয়ার নিউক্যাসেল বিজনেস স্কুলের অধ্যাপক ড. শাহ জে মিয়া, এনআইসিটিএফ উপদেষ্টা ড. মারুফ মল্লিকসহ গণমাধ্যম, তথ্যপ্রযুক্তি ও নীতিনির্ধারণী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: