বাজেট অধিবেশন উপলক্ষে সংসদে উপস্থিত সেনাপ্রধান
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনে উপস্থিত হয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। জাতীয় সংসদে বাজেট পেশ ও সার্বিক কার্যক্রম উপলক্ষে তিনি উপস্থিত হন।
সংসদ ভবন প্রাঙ্গণে প্রবেশের সময় পুলিশের একটি দল তাকে স্যালুট প্রদান করে এবং সেনাপ্রধানও প্রত্যুত্তরে তাদের স্যালুট জানান। দেশের অর্থনীতি, উন্নয়ন পরিকল্পনা ও জনকল্যাণমূলক বরাদ্দের এ বাজেট অধিবেশন ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থমন্ত্রী হিসেবে জাতীয় সংসদে তার প্রথম বাজেট উপস্থাপনের জন্য বৃহস্পতিবার (১১ জুন) সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর গুলশান-২-এর বাসভবন থেকে সংসদ ভবনের উদ্দেশে রওনা হন। এ সময় তিনি আকাশি রঙের শার্ট ও কালো স্যুট পরিহিত ছিলেন।
তার হাতে ছিল বহুল আলোচিত কালো ব্রিফকেস, যাতে সংরক্ষিত ছিল বাজেট-সংক্রান্ত নথিপত্র। সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত সহকারী ও কর্মকর্তারা।
সকাল ১০টায় জাতীয় সংসদের পশ্চিম ব্লকের দ্বিতীয় তলায় মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। নিয়ম অনুযায়ী বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা হয়। পরে বিকেল ৩টায় জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী।
নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এই ব্যয় ছিল ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা।
প্রস্তাবিত বাজেটে পরিচালন ব্যয় ধরা হচ্ছে ৬ লাখ ৫ হাজার ৭৪০ কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের (৫ লাখ ৬৭ হাজার ৫৩৮ কোটি টাকা) চেয়ে উল্লেখযোগ্য পরিমাণে বেশি। দেশের অবকাঠামোগত উন্নয়নের গতি সচল রাখতে বার্ষিক উন্নয়ন কর্মসূচিসহ (এডিপি) মোট উন্নয়ন ব্যয় ধরা হচ্ছে ৩ লাখ ১৬ হাজার ৭৫ কোটি টাকা।


