South east bank ad

এএফএমসির কাউন্সিল অব দ্য কলেজ সভায় সেনাপ্রধান

 প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন   |   সেনা প্রধান

এএফএমসির কাউন্সিল অব দ্য কলেজ সভায় সেনাপ্রধান
 

সেনাবাহিনী প্রধান ও কাউন্সিল অব দ্য কলেজের চেয়ারম্যান জেনারেল ওয়াকার-উজ-জামানের সভাপতিত্বে আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের (এএফএমসি) ১৯তম কাউন্সিল অব দ্য কলেজ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার এ সভা অনুষ্ঠিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, ১৯৯৯ সালের ২০ জুন ৫৬ জন মেডিক্যাল ক্যাডেটকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির মাধ্যমে এএফএমসির একাডেমিক যাত্রা শুরু হয়েছিল। ১৯তম কাউন্সিল অব দ্য কলেজ সভায় আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের শিক্ষার মান আরো আধুনিক, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় এএফএমসির শিক্ষার মান আধুনিকায়ন, একাডেমিক উৎকর্ষ বৃদ্ধি, সাম্প্রতিক পেশাগত পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বিশেষভাবে গুরুত্ব পায়।
এ ছাড়া এএফএমসির বাজেট ও আর্থিক ব্যবস্থাপনা, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ২৯তম ব্যাচের ক্যাডেট ভর্তি কার্যক্রম, একাডেমিক ভবন ও নারী ডরমিটরির বর্ধিতাংশ নির্মাণ, জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সম্প্রসারণ, নিজস্ব ট্রেনিং হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ, ভবিষ্যৎ চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ক্যাডেট সংখ্যা বৃদ্ধি এবং চিকিৎসা শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

কাউন্সিল সভা শেষে সেনাবাহিনী প্রধান ও চেয়ারম্যান জেনারেল ওয়াকার-উজ-জামান আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের বিদ্যমান ক্লিনিক্যাল স্কিলস অ্যান্ড সিমুলেশন ল্যাবরেটরি পরিদর্শন করেন। তিনি ল্যাবরেটরিটি আরো আধুনিক ও সম্প্রসারিত পরিসরে স্থানান্তরের লক্ষ্যে নির্ধারিত নতুন স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

BBS cable ad

সেনা প্রধান এর আরও খবর: