শিরোনাম

South east bank ad

প্রাথমিকে শিল্প-সংস্কৃতি পাঠ্যবই চালুর উদ্যোগ, সৃষ্টি হবে ৫০-৬০ হাজার কর্মসংস্থান

 প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন   |   মন্ত্রী

প্রাথমিকে শিল্প-সংস্কৃতি পাঠ্যবই চালুর উদ্যোগ, সৃষ্টি হবে ৫০-৬০ হাজার কর্মসংস্থান

বুধবার (১০ জুন)  প্রাথমিক বিদ্যালয়ে শিল্প ও সংস্কৃতি বিষয়ক পাঠ্যবই চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে আগামী পাঁচ বছরে সংগীত, নৃত্যকলা, নাট্যকলা, চারুকলা ও ক্রীড়া খাতে প্রায় ৫০ থেকে ৬০ হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।


আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাথমিক শিক্ষায় সংগীত, নৃত্যকলা ও সাংস্কৃতিক শিক্ষার সম্প্রসারণ, নতুন কারিকুলাম প্রণয়ন এবং দক্ষ শিক্ষক তৈরির লক্ষ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত শিক্ষা-দর্শন অনুযায়ী শিক্ষার্থীদের বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা হবে।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষায় শিল্প-সংস্কৃতি ও ক্রীড়াভিত্তিক শিক্ষা সম্প্রসারণের ফলে বিপুল সংখ্যক বিশেষায়িত শিক্ষক ও প্রশিক্ষকের প্রয়োজন হবে। এতে সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষিত তরুণ-তরুণীদের জন্য নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং একটি টেকসই ক্যারিয়ার পাথওয়ে গড়ে উঠবে।

বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতা কামনা করে ববি হাজ্জাজ বলেন, ভবিষ্যতে সংগীত, নৃত্যকলা, নাট্যকলা ও চারুকলার শিক্ষার্থীরা যেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যুক্ত হতে পারেন, সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম ও শিক্ষকতা-সম্পর্কিত প্রশিক্ষণের সমন্বয়ে যৌথ উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, সংগীত, নাট্যকলা ও নৃত্যকলাকে শুধু সহশিক্ষা কার্যক্রম হিসেবে নয়, বরং শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কারিকুলাম উন্নয়ন ও দক্ষ শিক্ষক তৈরির পরিকল্পনা বাস্তবায়ন করছে।

সভায় প্রাথমিক ও গণশিক্ষা সচিব, দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২০২৭ সালে প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির জন্য চালু হতে যাওয়া শিল্প ও সংস্কৃতি পাঠ্যবইয়ে চারু ও কারুকলা, সংগীত, নৃত্যকলা এবং নাট্যকলার চারটি অধ্যায় অন্তর্ভুক্ত থাকবে। আর ২০২৮ সালে নতুন কারিকুলামের আওতায় বিষয়গুলো পূর্ণাঙ্গভাবে প্রাথমিক শিক্ষায় যুক্ত করা হবে।


BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: