এসপিএসবি নির্বাচনে সভাপতি নাসির, সম্পাদক কবির
সোসাইটি অব প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশের (এসপিএসবি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ১৬তম তলায় এ নির্বাচন হয়।
নির্বাচনে ৯৭ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ইনস্টিটিউটটির সহযোগী অধ্যাপক ডা. আহমেদুল কবির চৌধুরী।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৯১ জন। দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।
অপর প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসনীম।
ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ডা. অঞ্জন কুমার দেব।
নাসির-আনোয়ার-ইমরান প্যানেল থেকে সভাপতি পদে অধ্যাপক ডা. নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে সহযোগী অধ্যাপক ডা. আহমেদুল কবির চৌধুরী নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত হন ডা. সালেক বিন ইসলাম। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হন ডা. মোস্তফা আমিন খান, কোষাধ্যক্ষ পদে ডা. ইমরান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পদে ডা. অভিজিৎ সরকার এবং দপ্তর সম্পাদক পদে ডা. শাওন বিন রহমান।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. ইকবাল আহমেদ ও ডা. মিসকাতুজ্জামান।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. অঞ্জন কুমার দেব। নির্বাচন কমিশনের সদস্য ছিলেন অধ্যাপক ডা. নওয়াশেদ খান ও ডা. জাকির হোসেন।


