সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘু নিরাপত্তায় সরকার অঙ্গীকারবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী
সোমবার (২২ জুন) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় স্বাধীনতা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
আজ সচিবালয়ে তাঁর কার্যালয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-এর নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
পরিষদের সভাপতি বাসুদেব ধর এবং সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা-এর নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। এ সময় প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন।
বৈঠকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, আসন্ন দুর্গাপূজার আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং অর্পিত সম্পত্তি আইনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে সংখ্যালঘু নির্যাতনের যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলো অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। তিনি দাবি করেন, বর্তমান সরকারের আমলে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে এবং কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটলে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছে।
সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে সংশ্লিষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একজন ‘ফোকাল পয়েন্ট’ কর্মকর্তা নিয়োগের দাবি জানায় পূজা উদযাপন পরিষদ। এ বিষয়ে মন্ত্রী ইতিবাচক আশ্বাস দেন।
আলোচনায় ধর্মীয় সম্প্রীতি ও জাতীয় স্বার্থবিরোধী বক্তব্যের বিষয়ও উঠে আসে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব সম্প্রদায়ের মানুষের দায়িত্বশীল আচরণ দেশের শান্তি, স্থিতিশীলতা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বক্তব্য ও কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।


