শিরোনাম

South east bank ad

দণ্ড নির্ধারণে অভিন্ন আইনি কাঠামো তৈরির উদ্যোগে আইন কমিশনের সেমিনার

 প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন   |   মন্ত্রী

দণ্ড নির্ধারণে অভিন্ন আইনি কাঠামো তৈরির উদ্যোগে আইন কমিশনের সেমিনার
রবিবার (২১ জুন)  ফৌজদারি অপরাধে দণ্ডের মাত্রা নির্ধারণে একটি অভিন্ন, স্বচ্ছ ও ন্যায়সংগত কাঠামো প্রণয়নের লক্ষ্যে আইন কমিশনের উদ্যোগে “ফৌজদারি অপরাধের দণ্ডের মাত্রা নিরূপণ বিষয়ক আইন প্রণয়নের সম্ভাব্যতা যাচাই” শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আইন কমিশনের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন বিচারপতি জিনাত আরা।

প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, কোনো আইন প্রণয়নের শুরুতেই সংশ্লিষ্ট অংশীজনদের মতামত গ্রহণ করা হয় এবং আইন চূড়ান্ত হওয়ার আগে মন্ত্রিপরিষদ, সংসদীয় স্থায়ী কমিটি ও জাতীয় সংসদে বিস্তারিত পর্যালোচনার মধ্য দিয়ে তা এগিয়ে যায়। এতে অংশীজনদের মতামত সংযোজিত হলে আইন আরও কার্যকর, বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য হয়।

তিনি প্রস্তাবিত আইনের বিভিন্ন ধারা ও সংজ্ঞা নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের সেনটেন্সিং গাইডলাইন পর্যালোচনার মাধ্যমে বাংলাদেশের বাস্তবতায় উপযোগী একটি কার্যকর কাঠামো তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে দণ্ডনির্ধারণ সংক্রান্ত পৃথক আইন ও নির্দেশিকা বিচার ব্যবস্থায় স্বচ্ছতা, সামঞ্জস্য ও পূর্বানুমেয়তা বৃদ্ধি করেছে। বাংলাদেশেও এ ধরনের আইন প্রণয়ন বিচারিক সিদ্ধান্তে সমতা প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং জনগণের আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে।

আইন কমিশনের সচিব সৈয়দ আজাদ সুবহানী স্বাগত বক্তব্য দেন। প্রস্তাবিত আইনের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন মোসাম্মাদ মনিরা সুলতানা।

উপস্থাপিত প্রস্তাবনায় বলা হয়, বর্তমানে দণ্ডের মাত্রা নির্ধারণে সুস্পষ্ট আইনগত নির্দেশনার অভাবে একই ধরনের অপরাধে ভিন্ন ভিন্ন দণ্ড হওয়ার সম্ভাবনা থাকে, যা ন্যায়বিচার ও বিচার ব্যবস্থার প্রতি জনআস্থার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

আলোচনা পর্বে বিচারপতি শামীম হাসনাইন, ড. নাইমা হক, লিয়াকত আলী মোল্লা এবং ড. হাফিজ আহমেদ চৌধুরীসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা মতামত প্রদান করেন।

সেমিনারে আইন ও বিচার বিভাগ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং আইন কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: