ঢাকার নতুন মহানগর দায়রা জজ হলেন শাহজাহান কবির
ঢাকার নতুন মহানগর দায়রা জজ হিসেবে নিয়োগ পেয়েছেন বগুড়ার জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির। এ বিষয়ে রবিবার (২১ জুন) রাতে আইন ও বিচার বিভাগের উপসচিব মো. মাসুম বিল্লাহ স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে আগামী ২৪ জুনের মধ্যে তাকে বদলিকৃত কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
এর আগে গত ১ সেপ্টেম্বর মো. সাব্বির ফয়েজ ঢাকার মহানগর দায়রা জজ হিসেবে নিয়োগ পান।
নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ঢাকার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক হিসেবে বদলি করা হয়েছে।
মো. শাহজাহান কবিরের বাড়ি সাতক্ষীরা জেলায়।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে ১৮তম বিসিএস (বিচার) ক্যাডারের মাধ্যমে বিচার বিভাগে যোগদান করেন। কর্মজীবনে তিনি ঢাকার বিভিন্ন আদালতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া তিনি হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার হিসেবেও দায়িত্ব পালন করেন। বগুড়ার জেলা ও দায়রা জজ হিসেবে যোগদানের আগে তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক (প্রসিকিউশন) এবং নেত্রকোনার জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেছেন।


