স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক
মুক্তিযুক্ত বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতির ঘোষণা দিলেন ইশরাক হোসেন। তিনি জানান, প্রধানমন্ত্রী ও দল যাতে বিব্রত না হয়, এজন্য এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। তবে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইশরাক হোসেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নিয়ে প্রতিমন্ত্রী ইশরাক এ তথ্য জানান।
এর আগে রোববার রাতভর নানা নাটকীয়তার পর সোমবার সকালে মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন।
সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ ছাড়ার চূড়ান্ত ঘোষণা দেবেন।
ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লেখেন, আজ (সোমবার) দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।
এরই ধারাবাহিকতায় নির্ধারিত সময়ে জাতীয় প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন শুরু করেন ইশরাক।
এর আগে গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে ইশরাক হোসেনের হাতে আগ্নেয়াস্ত্র দেখা গেছে। তার সঙ্গে ব্যক্তিদের হাতেও অস্ত্র ছিল।
ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়।


