শিরোনাম

South east bank ad

লালনের দর্শনে মানবিক সমাজ গড়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

 প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন   |   মন্ত্রী

লালনের দর্শনে মানবিক সমাজ গড়ার আহ্বান খাদ্যমন্ত্রীর
লালন সাঁইয়ের মানবতা, সাম্য ও সম্প্রীতির দর্শন ধারণ করে ঘৃণা-বিদ্বেষমুক্ত মানবিক সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি।

শনিবার (১৭ অক্টোবর) মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

খাদ্যমন্ত্রী বলেন, লালন সাঁই শুধু বাউল সাধক নন, তিনি মানবতার সাধক ও অসাম্প্রদায়িক চেতনার পথপ্রদর্শক। তাঁর গানে ধর্ম, বর্ণ ও পরিচয়ের বিভেদ পেরিয়ে মানুষের মিলনের বার্তা রয়েছে। এসব মানবিক শিক্ষা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

তিনি বলেন, এমন সমাজ গড়ে তুলতে হবে, যেখানে পরিচয়ের কারণে কেউ অবহেলিত হবে না এবং ধর্মের কারণে বৈষম্যের শিকার হবে না। মানুষের পারস্পরিক সম্পর্কের ভিত্তি হবে ভালোবাসা ও শ্রদ্ধা। দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার সরোয়ার আলম বিপিএম। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পরে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও নজরুলের সৃষ্টিকর্মবিষয়ক সেমিনারে অংশ নেন খাদ্যমন্ত্রী। এ সময় তিনি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এ ছাড়া মানিকগঞ্জের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় খাদ্যমন্ত্রী বলেন, ধর্ম-বর্ণ-নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: