লালমনিরহাটে ১৬২ মন্দিরে চাল ও উপহার বিতরণ
লালমনিরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সদর উপজেলার ১৬২টি মন্দিরে সরকারি সহায়তার চাল এবং হিন্দু ধর্মাবলম্বী পরিবারের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ১ হাজার ৭০০ পরিবারের মধ্যে ২০ কেজি করে চাল ও উপহারসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ত্রাণমন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করেন। দুর্গাপূজা উপলক্ষ্যে সারা দেশের মন্দিরগুলোতে সরকারি সহায়তা দেওয়া হচ্ছে। গত বছর প্রতিটি মন্দিরে ৫০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হলেও এবার তা বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে।
তিনি বলেন, সব ধর্মের মানুষের নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে। শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব উদ্যাপনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাসসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও পূজা উদ্যাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।


