শিরোনাম

South east bank ad

আইনজীবীদের মর্যাদা বাড়াতে জ্ঞান, দক্ষতা ও নৈতিকতা জরুরি: আইনমন্ত্রী

 প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন   |   মন্ত্রী

আইনজীবীদের মর্যাদা বাড়াতে জ্ঞান, দক্ষতা ও নৈতিকতা জরুরি: আইনমন্ত্রী

আইনজীবীদের পেশাগত মর্যাদা বাড়াতে আইনের জ্ঞানের পাশাপাশি দক্ষতা, সততা ও নৈতিকতার সমন্বয় জরুরি বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত ‘এজিও–ইউএনডিপি ইন্টার্নশিপ প্রোগ্রাম’-এর দ্বিতীয় ব্যাচের সমাপনী ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ভবিষ্যৎ নেতৃত্বের উপযোগী মেধাবী, দক্ষ ও নৈতিকতাসম্পন্ন আইনজীবী গড়ে তুলতে এ ইন্টার্নশিপ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিবছর অন্তত ১০০ জন ইন্টার্নের মাধ্যমে পাঁচ বছরে ৫০০ জনকে বাস্তব অভিজ্ঞতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং মেধাভিত্তিক, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনপ্রক্রিয়া নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, আইন পেশায় সফল হতে আইনের জ্ঞানের পাশাপাশি অর্থনীতি, সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে আদালত ও আইন পেশার বাস্তব অভিজ্ঞতা যুক্ত হলে তরুণদের দক্ষতা বাড়বে।

আইন পেশায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান প্রভাবের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে আইনজীবীদের বিশ্লেষণী চিন্তা, বাস্তব অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা বাড়াতে হবে।

আইন প্রণয়ন ও সংস্কার প্রসঙ্গে তিনি মানবাধিকার কমিশন আইন, সম্পত্তি হস্তান্তর আইন ও সাইবার আইন সংশোধনসহ বিভিন্ন বিষয়ে চলমান কাজের কথা তুলে ধরেন। এসব আইনের খসড়া প্রণয়ন ও পর্যালোচনায় তরুণ আইনজীবীদের মেধা ও সৃজনশীলতা কাজে লাগানোর সুযোগ রয়েছে বলেও জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, সমাজের অসংগতি চিহ্নিত করা এবং সেগুলো দূর করতে কার্যকর ভূমিকা রাখা আইনজীবীদের দায়িত্ব। পেশাগত সাফল্যের পাশাপাশি সততা, জবাবদিহি ও নৈতিকতা বজায় রাখা অপরিহার্য। মক্কেলের সঙ্গে প্রতারণা, অর্থের প্রতি অতিরিক্ত লোভ কিংবা বিচারপ্রক্রিয়াকে অনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা আইন পেশার মর্যাদার পরিপন্থী। এ জন্য পেশাগত আচরণবিধির যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।

আর্থিকভাবে অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, দক্ষ আইনজীবী হওয়ার পাশাপাশি মানবিক ও নীতিবান মানুষ হিসেবে গড়ে ওঠা এবং জাতি গঠনে অবদান রাখাও সমান গুরুত্বপূর্ণ।









BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: