শিরোনাম

South east bank ad

ভাষা ও কারিগরি দক্ষতায় এগোবে অর্থনীতি: ববি হাজ্জাজ

 প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন   |   মন্ত্রী

ভাষা ও কারিগরি দক্ষতায় এগোবে অর্থনীতি: ববি হাজ্জাজ
ভাষাদক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য অর্জনে দক্ষতা উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

শনিবার (১০ অক্টোবর) ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত চতুর্থ ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজ লিগ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়; এটি দক্ষতা অর্জন, জ্ঞান বিনিময় এবং সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির গুরুত্বপূর্ণ হাতিয়ার। স্পষ্টভাবে কথা বলা এবং নিজের চিন্তা কার্যকরভাবে অন্যের কাছে তুলে ধরার দক্ষতা শিক্ষা, কর্মজীবন ও পেশাগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ভাষাশিক্ষাকে শুধু পরীক্ষায় ভালো ফলের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে যোগাযোগ ও দক্ষতা অর্জনের মাধ্যম হিসেবে গড়ে তুলতে হবে।

চীনের অভিজ্ঞতা তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, নিজস্ব ভাষায় বৈজ্ঞানিক ও একাডেমিক পরিভাষা সমৃদ্ধ করা এবং সেই ভাষায় জ্ঞানচর্চার সুযোগ সৃষ্টি একটি দেশের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশকেও মাতৃভাষায় বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞানচর্চা সম্প্রসারণের পাশাপাশি আন্তর্জাতিক ভাষায় দক্ষতা বাড়াতে হবে। এতে জ্ঞান বিনিময়, আন্তর্জাতিক যোগাযোগ ও বৈশ্বিক বাণিজ্যে দেশের সক্ষমতা বৃদ্ধি পাবে।

তিনি বলেন, অর্থনীতিকে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের পর্যায়ে উন্নীত করতে কারিগরি জ্ঞান, যোগাযোগদক্ষতা এবং ইংরেজি ও চীনা ভাষাসহ আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ ভাষায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অপরিহার্য। তরুণদের ভাষাশিক্ষার সাফল্যকে বৃহত্তর দক্ষতা উন্নয়নের ভিত্তি হিসেবে কাজে লাগাতে হবে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজীর আহমেদ এবং বাংলাদেশে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: