টোকিওতে মানবসম্পদ, বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক সেমিনার
টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে ‘Human Resources, Trade, and Investment’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ দূতাবাস ও জাপান-বাংলাদেশ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (JBA) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে জেবিএর প্রেসিডেন্টসহ সংগঠনের সদস্য এবং দূতাবাসের কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, বাংলাদেশ ও জাপানের পাঁচ দশকের বেশি সময়ের বন্ধুত্ব শুধু গতানুগতিক কূটনৈতিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি পারস্পরিক শ্রদ্ধা ও ভবিষ্যৎমুখী আস্থার প্রতীক। জাপানের বয়স্ক ও হ্রাসপ্রাপ্ত জনসংখ্যার বিপরীতে বাংলাদেশের দক্ষ ও উদ্যমী তরুণ জনগোষ্ঠীর অংশীদারিত্ব দুই দেশের জন্যই ফলপ্রসূ হতে পারে।
দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মোরারজী দেশাই বর্মন তার উপস্থাপনায় দুই দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণের চিত্র তুলে ধরেন। তিনি জানান, জাপানে বাংলাদেশের রপ্তানি ২০২৪ সালের ১ দশমিক ২৩ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ২০২৫ সালে ১ দশমিক ২৭ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।
তিনি আরও জানান, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, ঢাকা মেট্রোরেল ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন মেগা প্রকল্পে জাপানি সহযোগিতা দুই দেশের লজিস্টিকস ও বিনিয়োগ পরিবেশকে নতুন মাত্রা দিচ্ছে।
কাউন্সিলর (শ্রম) জয়নাল আবেদিন তার উপস্থাপনায় জাপানের শ্রমবাজারে বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, জাপানের শ্রমবাজারের গুরুত্ব বিবেচনায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ‘জাপান সেল’ গঠন করেছে বাংলাদেশ সরকার। এ সেলের মাধ্যমে বাংলাদেশি কর্মীদের TITP, SSW এবং উচ্চশিক্ষার উদ্দেশ্যে জাপানে যাওয়ার বিষয়গুলো তদারকি করা হচ্ছে।
সেমিনারের শেষ পর্বে দুই দেশের অংশীজনদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হয়।


