মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের অভিযানে নৌবাহিনী
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী অভিযান শুরু হয়েছে। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) আইএসপিআর জানায়, সরকারি নির্দেশনা বাস্তবায়নে সমুদ্র, নদী ও উপকূলীয় এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ও কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে।
৯টি জেলায় নৌবাহিনীর সদস্যরা টহল ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করছেন।
গভীর সমুদ্রে অবৈধ মাছ ধরা ও বিদেশি ট্রলারের অনুপ্রবেশ ঠেকাতে নৌবাহিনীর জাহাজ ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চলছে।
নৌবাহিনী স্থানীয় প্রশাসন, কোস্টগার্ড, নৌ পুলিশ ও মৎস্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করবে।
ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত ও মৎস্যসম্পদ রক্ষায় অবৈধভাবে ইলিশ আহরণকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


