South east bank ad

নভেম্বরে উদ্বোধন হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

 প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন   |   মন্ত্রী

নভেম্বরে উদ্বোধন হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর
আগামী নভেম্বরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের লক্ষ্যে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালু নিয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিমানবন্দরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকেরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সরাসরি কক্সবাজারে আসতে পারবেন।

তিনি বলেন, চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের সঙ্গে কক্সবাজারের সরাসরি বিমান যোগাযোগ চালু করা চায়না সাউদার্ন ও চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের জন্য সম্ভাবনাময় উদ্যোগ হতে পারে। এ ছাড়া এয়ারএশিয়া পেনাংয়ের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর লক্ষ্যে কাজ করছে। কক্সবাজার-ব্যাংকক-দুবাই রুটে ফ্লাইট চালুতে ফ্লাইদুবাইয়ের আগ্রহকেও স্বাগত জানান তিনি।

নতুন আন্তর্জাতিক ফ্লাইট চালুর ক্ষেত্রে এয়ারলাইন্সগুলোকে আর্থিক সুবিধা দেওয়ার বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে বলেও জানান মন্ত্রী।

এর আগে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, রিয়াদে হামলার কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বিমান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটেছে। বাতিল হওয়া ১০টি ফ্লাইটের কারণে তিন হাজার ৪০০-এর বেশি যাত্রীর চলাচলে সমস্যা হয়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এটি বৈশ্বিক সংকট উল্লেখ করে তিনি সবার সহযোগিতায় পরিস্থিতি কাটিয়ে ওঠার আশাবাদ ব্যক্ত করেন।

সচিব ফাহমিদা আখতারের সভাপতিত্বে সভায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ এবং মন্ত্রণালয় ও দেশি-বিদেশি এয়ারলাইন্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: