আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সন্তোষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আগের তুলনায় উল্লেখযোগ্য উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত পঞ্চম বৈঠকে এ সন্তোষ প্রকাশ করা হয়।
বৈঠকে ২০২৫ ও ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত অপরাধের তুলনামূলক পরিসংখ্যান এবং উভয় বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এতে খুন, ডাকাতি, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, অপহরণ, চুরি, মাদক, অস্ত্র, বিস্ফোরক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধের তথ্য উপস্থাপন করা হয়।
এ ছাড়া মাদকদ্রব্যের অপব্যবহার, চাঁদাবাজি, ছিনতাই, কিশোর গ্যাং ও সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে সরকারের নেওয়া পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। সাইবার অপরাধ দমনে পৃথক সাইবার পুলিশ ইউনিট গঠনসহ অপরাধ নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুপারিশ করে কমিটি।
বৈঠকে রাজধানী ঢাকায় সাম্প্রতিক অপরাধ নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চান কমিটির সদস্য মো. নূরুল ইসলাম। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন।
বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুসহ কমিটির অন্যান্য সদস্য এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ মহাপরিদর্শক ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


