তরুণদের খেলাধুলায় ফেরাতে নিয়মিত টুর্নামেন্ট: ত্রাণমন্ত্রী
তরুণদের মাদক, জুয়া ও ক্যাসিনোর আসক্তি থেকে দূরে রাখতে ফুটবল, ক্রিকেট ও গ্রামীণ খেলাধুলার নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলা উপভোগ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, তরুণদের মাঠমুখী করতে কিশোর ফুটবল টুর্নামেন্ট চালুর পর জেলাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সুস্থ জীবন ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এ জন্য স্থানীয় ও গ্রামীণ খেলাধুলাকেও গুরুত্ব দিতে হবে।
টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে প্রথম ম্যাচে অভিযান সংঘ ২-০ গোলে মর্নিং স্টার ফুটবল একাডেমিকে হারিয়ে সেমিফাইনালে ওঠে। দ্বিতীয় ম্যাচে নবাবেরহাট আদর্শ ক্লাব ও পাটগ্রাম ফুটবল একাডেমির খেলা ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে নবাবেরহাট আদর্শ ক্লাব।
এ সময় লালমনিরহাটের জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান ও জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক উপস্থিত ছিলেন।


