জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে বইপাঠের বিকল্প নেই: সংস্কৃতি মন্ত্রী
সোমবার (২২ জুন) ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম ২০২৬’-এর সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জ্ঞান, সংস্কৃতি ও মূল্যবোধের চর্চার মাধ্যমে বাংলাদেশকে পুনরায় সমৃদ্ধ ও মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব। দীর্ঘ সময়ের ফ্যাসিবাদী শাসনে শিক্ষা, সংস্কৃতি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে তরুণ প্রজন্ম কাঠামোগত পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেছে।
তিনি জানান, বর্তমান সরকার দেশকে নিয়মতান্ত্রিক শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনতে কাজ করছে এবং দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখবে। এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।
শিক্ষার্থীদের উদ্দেশে সংস্কৃতি মন্ত্রী বলেন, বই পড়ার অভ্যাস মানুষকে আলোকিত করে এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলে। আগামী দিনের বাংলাদেশ নির্মাণে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি দেশের গণগ্রন্থাগারগুলোর উন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। তিনি বলেন, জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে তরুণদের মধ্যে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। পাশাপাশি নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর সাহিত্য ও দর্শন চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজক জাতীয় গ্রন্থকেন্দ্র জানায়, করোনাকালে শুরু হওয়া জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম এখন একটি জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে। এ বছর দেশের ৯টি গ্রন্থাগারের ৬৪৭ জন পাঠক অংশগ্রহণ করেন এবং দুই বিভাগে মোট ২০ জন সেরা পাঠককে পুরস্কৃত করা হয়।
প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে তোমাদের জন্য ভালোবাসা এবং ‘খ’ বিভাগে আরেক ফাল্গুন নির্ধারিত গ্রন্থ হিসেবে অন্তর্ভুক্ত ছিল।


