পেনশন ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা চালু করছে সরকার
বুধবার (২৪ জুন) পেনশন আবেদন ও মঞ্জুরির দীর্ঘসূত্রতা এবং ভোগান্তি কমাতে সরকার ‘অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ (ওপিটিএমএস) চালু করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেন, নতুন এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে পেনশনভোগীরা অনলাইনে আবেদন জমা, আবেদন অগ্রগতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনা করতে পারবেন।
মঙ্গলবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ওপিটিএমএস চালু হলে পেনশন প্রাপ্তির সময় কমবে, অপ্রয়োজনীয় অফিস যাতায়াত হ্রাস পাবে এবং সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে। তিনি শতভাগ পেনশন সমর্পণকারী পেনশনভোগীদের পরিবারের স্বার্থে বিদ্যমান নীতি পুনর্বিবেচনার কথাও উল্লেখ করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং এস এম রেজভী।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রথম পর্যায়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাইলট ভিত্তিতে চালু হওয়া এই ব্যবস্থা পর্যায়ক্রমে সব মন্ত্রণালয়, দপ্তর ও মাঠপর্যায়ের কার্যালয়ে সম্প্রসারণ করা হবে। নতুন ব্যবস্থায় অবসরোত্তর ছুটির প্রায় ১১ মাস আগে কর্মচারীরা এসএমএস নোটিফিকেশন পাবেন এবং অনলাইনে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এতে পেনশন সেবা আরও দ্রুত, স্বচ্ছ ও নাগরিকবান্ধব হবে বলে আশা করা হচ্ছে।


