শেখ হাসিনাসহ ৩৪ জনের চার্জগঠন শুনানি ২৪ সেপ্টেম্বর
রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ আসামির বিরুদ্ধে চার্জগঠন বিষয়ে শুনানির জন্য আগামী ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম শুনানি শেষে এ তারিখ ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এম. আনিছুর রহমান (আনিছ) বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ মামলায় ১০ আসামি কারাগারে আটক রয়েছেন। মঙ্গলবার তাদের মধ্যে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়। এ কারণে তাকে এ মামলায় আদালতে হাজির করতে পারেনি কারা কর্তৃপক্ষ।
পরে আদালত চার্জগঠন বিষয়ে শুনানির জন্য ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলার ৩৪ আসামির মধ্যে ১০ জন কারাগারে আটক। জামিনে থাকা চার আসামিও মঙ্গলবার আদালতে উপস্থিত ছিলেন। বাকি ২০ আসামি শুরু থেকেই পলাতক।


