ঈদগাহে জামাত ৭:৩০টায়, বর্জ্য সরবে ৮ ঘণ্টায়
বুধবার (২৭ মে) জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭:৩০টায়। বুধবার সকালে জাতীয় ঈদগাহে প্রস্তুতি পরিদর্শন শেষে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম।
জানানো হয়, এবার জাতীয় ঈদগাহে ১২১টি কাতারে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। নারীদের জন্য আলাদা প্রবেশপথ, ওযুখানা ও নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া মুসল্লিদের সুবিধার্থে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, পর্যাপ্ত ফ্যান, বিশুদ্ধ পানি, ভ্রাম্যমাণ টয়লেট ও প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ও সম্পন্ন হয়েছে।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী ও ডিএসসিসি প্রশাসক বুয়েট সংলগ্ন পলাশী অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন। লালবাগ কেল্লা ও আহসান মঞ্জিলের গ্রাফিতিতে সাজানো এ স্থাপনার নান্দনিকতা দেখে সন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
পরে নগর ভবনে কোরবানি বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এক মতবিনিময় সভায় জানানো হয়, ঈদের দিন দুপুর ১:৩০টায় কলাবাগান এসটিএস থেকে মাতুয়াইল ল্যান্ডফিলে বর্জ্য পরিবহন শুরু হবে এবং রাত ৯:৩০টার মধ্যেই প্রথম দিনের বর্জ্য অপসারণ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ডিএসসিসি জানায়, ঈদের তিন দিনে প্রায় ৩৩ হাজার ৯৪২ টন বর্জ্য উৎপন্ন হতে পারে। এ জন্য ১৩ হাজার ৪৫৩ জন জনবল ও ২ হাজার ১১৭টি যান-যন্ত্রপাতি প্রস্তুত রাখা হয়েছে।
পাশাপাশি ৭৫টি ওয়ার্ডে ৪৬ টন ব্লিচিং পাউডার, ২১০ গ্যালন স্যাভলন এবং ১ লাখ ৪০ হাজার বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হচ্ছে।
ডিএসসিসির কার্যক্রমের প্রশংসা করে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, রাজনৈতিক প্রশাসক নিয়োগের ফলে নাগরিক সেবার মান উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ ও সবুজায়নে ডিএসসিসি আগের তুলনায় অনেক অগ্রগতি অর্জন করেছে।


