শিরোনাম

South east bank ad

শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট আটক

 প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন   |   দেশ

শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইইডি) অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, মোবাইল ফোন ও ল্যাপটপ আটক করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, সোমবার (৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। এ সময় G9 571 (শারজাহ-ঢাকা) ফ্লাইটে আসা যাত্রীদের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করা হয়।
অভিযানে এসব পণ্য আটক করা হয়।

তল্লাশিকালে যাত্রী মোহাম্মদ শাহীনের ব্যাগেজ থেকে ৩২০ কার্টন সিগারেট, একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ; কে এম ফজল হকের ব্যাগেজ থেকে ১২৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ এবং বেলায়েত ভুইয়া হোসেনের ব্যাগেজ থেকে ১৮৬ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ আটক করা হয়।

সব মিলিয়ে এক ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, একটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ আটক করা হয়েছে। আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা।

গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির মাধ্যমে বিমানবন্দরে চোরাচালান এবং ব্যাগেজ সুবিধার অপব্যবহার প্রতিরোধে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে।
BBS cable ad