South east bank ad

ভুটানে সার্কের হাইব্রিড বীজ প্রশিক্ষণ শুরু

 প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন   |   মন্ত্রী

ভুটানে সার্কের হাইব্রিড বীজ প্রশিক্ষণ শুরু
মানসম্মত হাইব্রিড বীজ উৎপাদনে কারিগরি সক্ষমতা বাড়ানো ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ভুটানে তিন দিনব্যাপী সার্কের আঞ্চলিক প্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) ভুটানের ইউসিপাংয়ে ন্যাশনাল সেন্টার ফর অর্গানিক অ্যাগ্রিকালচারে ‘সার্ক সদস্য দেশগুলোর জন্য সবজির হাইব্রিড বীজ উৎপাদন’ শীর্ষক এ প্রশিক্ষণ শুরু হয়। ভুটানের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কৃষি বিভাগ এ প্রশিক্ষণের আয়োজন করেছে। সহযোগিতা করছে ঢাকার সার্ক কৃষি কেন্দ্র। প্রশিক্ষণ চলবে ৭ অক্টোবর পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভুটানের কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী লিয়নপো ইয়োনতেন ফুন্টশো। বিশেষ অতিথি ছিলেন সার্ক সচিবালয়ের পরিচালক তানভীর আহমদ তরফদার। অনুষ্ঠানে ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মালেকা পারভীন, ভারতের দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি নেহা যাদব এবং ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রণালয়ের বহুপক্ষীয় বিষয়ক বিভাগের মহাপরিচালক উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে ভুটানের কৃষি বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি সার্কভুক্ত বিভিন্ন দেশের বিশেষজ্ঞ ও প্রশিক্ষণার্থীরা অংশ নিচ্ছেন। ভুটান থেকে প্রায় ৩০ জন গবেষক সরাসরি প্রশিক্ষণে যুক্ত হয়েছেন। বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা ভার্চ্যুয়ালি অংশ নিচ্ছেন।

উদ্বোধনী বক্তব্যে ভুটানের কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী ইয়োনতেন ফুন্টশো কৃষি উৎপাদন বাড়াতে উদ্ভিদ প্রজনন, হাইব্রিড প্রযুক্তি ও মানসম্মত বীজ ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জলবায়ু পরিবর্তন, রোগবালাই ও কীটপতঙ্গের ঝুঁকি মোকাবিলায় উন্নত বীজ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।

প্রশিক্ষণে কারিগরি বক্তৃতার পাশাপাশি ব্যবহারিক অনুশীলন, গবেষণাগার ও মাঠ প্রদর্শনী এবং দলীয় শিক্ষার ব্যবস্থা রয়েছে। বিশেষভাবে টমেটো ও মরিচের হাইব্রিড বীজ উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে মাতৃগাছ ব্যবস্থাপনা, পুংকেশর অপসারণ, পরাগায়ন, জাতের জিনগত বিশুদ্ধতা, বীজ সংগ্রহ ও সংরক্ষণ এবং গুণগত মান নিয়ন্ত্রণের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

আয়োজকেরা জানান, হাইব্রিড বীজ উৎপাদনে আঞ্চলিক সক্ষমতা বাড়ানো গেলে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মানসম্মত বীজের প্রাপ্যতা বাড়বে। পাশাপাশি আমদানিনির্ভরতা কমিয়ে স্থানীয় বীজব্যবস্থা আরও শক্তিশালী করা সম্ভব হবে।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: