পাবনায় ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ২
পাবনায় ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গয়েন্দা পুলিশ। শুক্রবার সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় তাদের কাছ থেকে প্রতারণা কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শনিবার (২৭ জুন) সকালে জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাশিদুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন– পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গাংকোলা এলাকার মো. সুজন (৩৪) এবং শিবরামপুর এলাকার মো. আরিফুল ইসলাম (৪০)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে শুক্রবার রাতে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা অপরাধ স্বীকার করেছেন। তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তারা সংঘবদ্ধ চক্র হিসেবে ডিবি পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে ফোন করতেন। এরপর ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করতেন এবং সেই টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নিয়ে নিজেদের মধ্যে ভাগ করে নিতেন।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই চক্রটি ভুয়া নিবন্ধিত সিমকার্ড ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড চালাত এবং বিকাশ এজেন্ট নম্বরের মাধ্যমে চাঁদার টাকা সংগ্রহ করত।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনসহ নামধারী আরো দুজন এবং অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাশিদুল ইসলাম বলেন, ‘চক্রের পলাতক অন্য আসামিদের গ্রেপ্তার এবং পুরো চক্রটিকে শনাক্ত করতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।’
জনসাধারণকে সতর্ক করে ওসি আরো বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে কেউ ফোনে অর্থ দাবি করলে বা ভয় দেখালে বিভ্রান্ত না হয়ে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা অথবা জেলা পুলিশকে জানানোর আহ্বান করছি।


