৬৫ লাখ টাকার ভারতীয় ফুচকাসহ কাভার্ডভ্যান জব্দ, আটক ২
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে একটি কাভার্ডভ্যানভর্তি বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পলাশ বাজার থেকে তাদের আটক করা হয়। সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশের ওসি এ কে এম শামীম হাসানের নির্দেশে ডিবি পুলিশের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
আটক দুজন হলেন ফরিদপুর সদর উপজেলার পশ্চিম গোয়ালচামাত এলাকার শেখ মো. ফারুকের ছেলে আরিফ শেখ (৩৪) এবং একই উপজেলার পশ্চিম খাবাসপুর এলাকার আব্দুল করিম ফকিরের ছেলে জিহাদ ফকির (৩৪)।
সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পলাশ বাজারে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে অভিযান চালানো হয়।
এ সময় ৩৫ কেজি ওজনের ১১০টি বস্তা ভারতীয় ফুচকা জব্দ করা হয়। জব্দ করা ফুচকার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা।
এছাড়া কাভার্ডভ্যানটির মূল্য প্রায় ৫০ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৬৫ লাখ ৪০ হাজার টাকা।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে চোরাচালান-সংক্রান্ত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ডিবি পুলিশের ওসি এ কে এম শামীম হাসান বলেন, ‘যেকোনো ধরনের অপরাধ ও চোরাচালান নিয়ন্ত্রণে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’


