দুই কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
যশোরে দুই কোটি একুশ লাখ টাকা মূল্যের ১৩ পিস স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে ৪৯ বিজিবির সদস্যরা।
শুক্রবার (২৬ জুন) ভোর রাতে যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম সাহাব উদ্দিন সরদার। তার বাড়ি যশোরের শার্শা উপজেলার বেনাপোলের বালুন্ডা গ্রামে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকার সায়েদাবাদ এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক টহল দল ওই এলাকায় অবস্থান নেয়।
আটককৃত ব্যক্তির কোমরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১৩ পিস স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৫৮ গ্রাম। যার বাজারমূল্য ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার টাকা। আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


